চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেপরোয়া গতিতে চলা একটি বিআরটিসি বাস প্রথমে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর সেটি মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে উত্তেজিত জনতা দুর্ঘটনায় জড়িত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ ইয়াসিন জানান, দুর্ঘটনার পর বাসচালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজ/ আয়না নিউজ