লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষির আঘাতে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।
নিহতের ছেলে রিপন অভিযোগ করে বলেন, নিজেদের জমি থেকে মাটি কাটার সময় প্রতিবেশী আবদুল বারেক ওই জমি নিজের দাবি করে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হানিফ জমির কাগজপত্র নিয়ে বসে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল বারেক তাকে গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মারেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মেহেদী/ হাফিজ/ আয়না নিউজ