ব্রাহ্মণবাড়িয়ায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিন-এর ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) ভোরে জেলা শহরের মৌলভীপাড়ায় তিতাস টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
জজ সৈয়দ আমিনা ফারহিন ঈদের ছুটিতে ফ্ল্যাটে তালা দিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে চোরের দল ফ্ল্যাটে প্রবেশ করে লুটপাট চালায়।
তিতাস টুইন টাওয়ারের কেয়ারটেকার রতন মিয়া জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভোরে তিনজন ব্যক্তি ভবনের পেছনের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় উঠে। পরে তারা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দুটি আলমিরা ভেঙে মূল্যবান সামগ্রীসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
তিনি আরও জানান, সকালে বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। বিচারক ছুটিতে থাকায় বাসাটি ফাঁকা ছিলো এ সুযোগেই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ