জনগণের সেবাই সরকারের রাজনীতির প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার (৩০ মে) রাজধানীর নয়াপল্টনে দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই, সমাজে যার যার অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো।”
তিনি আরও বলেন, মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি একজন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে, তাহলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।
পরে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত আরেকটি খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার ও দলীয় নেতাকর্মীরা।
এর আগে, শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড ও খিলগাঁও এলাকায়ও খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হাফিজ/ আয়না নিউজ