নাটোর প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার উন্নয়নে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন জেলার চারটি আসনের সংসদ সদস্যরা।
শনিবার (৩০ মে) দুপুরে শহরের আলাইপুর এলাকায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, “ফ্যাসিবাদী শক্তি ভেবেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু আজ প্রমাণিত হয়েছে, শহীদ জিয়ার আদর্শ আরও শক্তিশালী হয়ে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে যত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, প্রতিবারই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল এবং নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ার ইসলাম আনু।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মিজানুল হক ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক নাটোর পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, কাজী শাহ আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সান্টু /হাফিজ/ আয়না নিউজ