লক্ষ্মীপুরে ঈদের দিন স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় স্বামী রিয়াজুল ইসলাম রাজু (৩৫)কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৯ মে) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি শনিবার (৩০ মে) সকালে নিশ্চিত করেন কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত।
গ্রেফতার রিয়াজুল ইসলাম রাজু লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হুগলডহুরী গ্রামের খইয়া গাজী হাওলাদার বাড়ির মো. ইউছুফের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রাজুর সঙ্গে পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরেই ঈদের দিন স্ত্রী পূর্ণিমা আক্তারকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রাজু পালিয়ে যায়।
আহত পূর্ণিমাকে স্থানীয়ভাবে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
এ ঘটনায় আহত পূর্ণিমার মা পাখি বেগম বাদী হয়ে রিয়াজুল ইসলাম রাজুকে প্রধান আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ অভিযান চালিয়ে তাকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লক্ষ্মীপুর সদর মডেল থানাতে হস্তান্তর করা হয়।
হাফিজ/ আয়না নিউজ