ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে এসে যমুনা সেতু মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পথে এলেঙ্গা অতিক্রম করার পর ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসটির ছাদ, দরজা ও জানালার অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, উদ্ধারকাজ শেষে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে তিনি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহতদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ