সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে তালগাছ ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঝড়ে উপকূলীয় এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নিহত শিশু শারমিন (৯) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) বিকেলে বাড়ির পাশে খেলছিল শারমিন। হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে একটি তালগাছ উপড়ে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।”
এদিকে একই দিনে বিকেল সাড়ে চারটার দিকে ঝড় শুরু হলে গাবুরা এলাকার ৯ নম্বর সোরা গ্রামে কয়েকটি পরিবারের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, আশরাফুলের বসতঘরের ছয় থেকে সাতটি টিনের চালা উড়ে যায় এবং মোকছেদ গাজীর ঘরের একটি অংশের চাল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনের শঙ্কায় পড়েছে।
ক্ষতিগ্রস্ত আশরাফুল বলেন, ঝড় শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘরের টিন উড়ে যায়। এখন পরিবার নিয়ে খুব কষ্টে আছি, ঘর মেরামতের সামর্থ্য নেই।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ