| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজের একদিন পর নলডাঙ্গায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 29-05-2026 ইং
  • 65618 বার পঠিত
নিখোঁজের একদিন পর নলডাঙ্গায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিখোঁজের একদিন পর এক পুকুর থেকে মিলন প্রামাণিক (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রহ্মপুর হাজীপাড়া এলাকায় একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলন ওই এলাকার বাবলু প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর হাজীপাড়া গ্রামের বাসিন্দা মিলন প্রামাণিক বুধবার (২৭ মে) বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের কালামের পুকুরপাড়ে তার ব্যবহৃত জামা ও জুতা পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা সেগুলো বাড়িতে নিয়ে যান। শুক্রবার সকালে ওই পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান তার স্ত্রী শাবানা খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

পরে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয়দের দাবি, মিলন প্রামাণিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সান্টু/হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪