| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণে ডিএসসিসি’র বিশেষ অভিযান

  • আপডেট টাইম: 29-05-2026 ইং
  • 66851 বার পঠিত
ঈদের দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণে ডিএসসিসি’র বিশেষ অভিযান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে ব্যাপক বর্জ্য অপসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।

শুক্রবার (২৯ মে) সকালে শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ তথ্য জানান। এ সময় তিনি চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন।

প্রশাসক বলেন, পরিচ্ছন্নকর্মী, পরিবহন কর্মী এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

তিনি জানান, ঈদের দিন বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড ও অস্থায়ী পশুর হাট থেকে মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ডাম্পিং স্টেশনে নেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ঈদুল আজহার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কোরবানির পশুর বর্জ্য এবং অস্থায়ী হাটের আবর্জনা অপসারণে জোরদার কার্যক্রম চালানো হচ্ছে। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণে সিটি করপোরেশন প্রতিশ্রুতিবদ্ধ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত স্থানের বাইরে অস্থায়ী পশুর হাট সম্প্রসারণ বা অবৈধভাবে রাস্তা দখল করে হাট পরিচালনার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানা আরোপ ও কালোতালিকাভুক্ত করার ব্যবস্থাও নেওয়া হবে।

ডিএসসিসির পক্ষ থেকে নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করা, পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঈদ উপলক্ষে দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে ডিএসসিসির আওতাধীন এলাকায় অতিরিক্ত জনবল, যানবাহন, কনটেইনার ও পরিচ্ছন্নতা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। পুরো কার্যক্রম তদারকিতে একটি বিশেষ মনিটরিং টিমও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪