| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম: 29-05-2026 ইং
  • 66981 বার পঠিত
ফরিদপুরে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুরা হলো, রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজাউল করিমের ৯ মাস বয়সী ছেলে আয়ান করিম এবং ফরিদপুর শহরের হাড়োকান্দি মহল্লার কামরুল ইসলামের ৩ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।

ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে জেলাভিত্তিক হিসাবে গোপালগঞ্জ ও ফরিদপুরে ৪ জন করে, মাদারীপুর ও রাজবাড়ীতে ৩ জন করে এবং মাগুরা ও যশোরে ১ জন করে শিশু রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন রোগী ভর্তি হন।

বর্তমানে দুই হাসপাতালে মোট ১২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪৮ জন রোগী ভর্তি আছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৩৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৬ জন এবং জেনারেল হাসপাতাল থেকে ১৭ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫৭৬ জনসহ জেলায় মোট ১৯৯২ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত ১৭৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪