| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলো ৩৬ বাংলাদেশি

  • আপডেট টাইম: 29-05-2026 ইং
  • 66995 বার পঠিত
ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলো ৩৬ বাংলাদেশি

ভারতে প্রায় ১৭ মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনের আওতায় তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।

ফেরত আসা যুবকদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়। তারা জানান, গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্র সীমান্ত পথে তাদের ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের মাধ্যমে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়।

প্রায় ১৭ মাস কারাভোগ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তারা দেশে ফেরার সুযোগ পান। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষ হলে বেনাপোল পোর্ট থানার পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়, যাতে পরবর্তী আইনি সহায়তা নিশ্চিত করা যায়।

ফেরত আসা কয়েকজন যুবক অভিযোগ করেন, দেশে ফেরানোর কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে অর্থও আদায় করা হয়েছে। তাদের দাবি, এখনও ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন।

‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, গার্মেন্টসে কাজের প্রলোভনে দালালরা তাদের ভারতে নিয়ে গিয়ে প্রতারণা করেছে। প্রাপ্তবয়স্ক হওয়ায় প্রাথমিক সহায়তা শেষে তারা নিজ নিজ গন্তব্যে রওনা দেন।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার আঢ্য জানান, ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪