| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নর্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 71558 বার পঠিত
নর্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে উঠে যায়। এ সময় উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঈদকে কেন্দ্র করে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

নিহতরা হলেন—লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও রবিউল (২২)। তাদের বাড়ি বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ভাটারা থানার উপ-পরিদর্শক নেসার উদ্দিন জানান, নতুন বাজারের নর্দা এলাকায় সড়কে যানবাহনের চাপ ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে বিপরীত দিকের বাসে ধাক্কা দেয়। আকাশ পরিবহনের বাসে যাত্রী বেশি থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।

তিনি আরও জানান, যাত্রীদের ভাষ্য অনুযায়ী পটুয়াখালী থেকেই বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। চালক ও হেল্পারের আচরণও ছিল উচ্ছৃঙ্খল। দুর্ঘটনার পর ইসলাম পরিবহনের বাসের চালক ও হেল্পার পালিয়ে যান।

পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত দুটি বাস সরিয়ে থানায় নেওয়া হয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পলাতক চালক ও হেল্পারকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪