| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে বুধবার ঈদুল আজহা উদযাপন

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 73423 বার পঠিত
চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে বুধবার ঈদুল আজহা উদযাপন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফ–এর অনুসারীরা এবার বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। হানাফি মাযহাবের অনুসরণ এবং দীর্ঘদিনের ধর্মীয় রীতিনীতিকে ধারণ করে তারা সৌদি আরবে হজের দিন ‘ইয়াওমুল আরাফাহ’ পালনের পরের দিন ঈদ উদযাপন করে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দরবার শরীফ সূত্রে জানা গেছে, প্রায় দুই শত বছর ধরে এই ঐতিহ্য বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করা হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৯টায় দরবার শরীফের মূল খানকাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এবারের ঈদের জামাতে ইমামতি করবেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মওলানা মুহাম্মদ মকছুদুর রহমান। দরবারের প্রাচীন সিলসিলার অলি-বুজুর্গদের অনুসরণে তিনি জামাত পরিচালনা করবেন।

দরবার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শুধু সাতকানিয়া নয়, চন্দনাইশসহ আশপাশের উপজেলার শতাধিক গ্রামে একই ধারায় বুধবার ঈদ উদযাপন করা হবে। এসব এলাকার মধ্যে রয়েছে মির্জাখীল, এওচিয়া, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, চরতি, কানাই মাদারিসহ বিভিন্ন গ্রাম।

এছাড়া বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ড, মিরসরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ ও রাউজানসহ চট্টগ্রামের অন্যান্য উপজেলা এবং বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারসহ বিভিন্ন জেলা ও দেশের বিভিন্ন অঞ্চলের অনুসারীরাও একই দিনে ঈদুল আজহা উদযাপন করবেন।

দরবারের পক্ষ থেকে জানানো হয়, হজের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং চাঁদের অবস্থান বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ধর্মীয় আবহ ও ঐতিহ্য অনুসরণ করেই তারা ঈদুল আজহা পালন করে থাকেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪