ঝিনাইদহ প্রতিনিধি: বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই আদালতের কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১০টার দিকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান আইনমন্ত্রী। তবে দেশে বিচারক ও আইনজীবী সংকটের কারণে অনেক সময় বিচার কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়—এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, এটি আদালত অবমাননার শামিল। তার দাবি অনুযায়ী বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন বলেই গ্রেফতারের পরদিনই আসামিরা জামিন পেয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিচারকরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায়ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন। তবে মামলা জটের অন্যতম কারণ হলো বিচারক ও দক্ষ আইনজীবীর ঘাটতি। পর্যাপ্ত আইনজীবী না থাকায় ট্রায়ালে বিলম্ব হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও নাসিরউদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন আইনমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি ঝিনাইদহে ঘটে যাওয়া ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল না এবং বিচার বিভাগও স্বাধীনভাবে কাজ করেছে। তাই এসব নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি তার।
পরিদর্শন শেষে তিনি শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ