রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৬, যা সাধারণত মৃদু কম্পন হিসেবে ধরা হয়।
ভূকম্পনটি স্বল্প সময় স্থায়ী হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও অফিস ভবন থেকে বাইরে বের হয়ে আসে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, ভূমিকম্পেটির উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূবে। আর ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূবে। এর ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে থাকায় মাঝেমধ্যেই এ ধরনের কম্পন অনুভূত হতে পারে। তবে বড় ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছেন তারা।
হাফিজ/ আয়না নিউজ