সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম ফকির ওরফে বাবু এবং হাফিজুল ফকির।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে করে চিংড়ির পোনা আনতে চুকনগরের উদ্দেশ্যে রওনা দেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত হন হাফিজুল ফকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি কনজুমার ডিভিশন যশোরের এবং গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়।
তালা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শহিদুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ পিকআপ ভ্যানটি শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ