| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চোর জেলে, পুলিশ হেফাজতে ‘বন্দি’ অবলা গরু

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 74515 বার পঠিত
চোর জেলে, পুলিশ হেফাজতে ‘বন্দি’ অবলা গরু

সাতক্ষীরা প্রতিনিধি: অনলাইন জুয়ার নেশায় সর্বস্ব হারিয়ে শেষ পর্যন্ত গরু চুরির অভিযোগে আটক হয়েছেন এক যুবক। তবে অভিযুক্ত জেলহাজতে গেলেও মামলার আলামত হিসেবে এখনো পুলিশ হেফাজতে রয়েছে একটি নিরীহ কালো এড়ে গরু। ঘটনাটি নিয়ে সাতক্ষীরার সদর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ২১ মে দুপুরের পর সদর উপজেলার দেবনগর গ্রাম থেকে একটি গরু চুরি করে ব্রহ্মরাজপুর অস্থায়ী কুরবানির পশুর হাটে বিক্রির চেষ্টা করা হয়। হাট থেকে গরুটি পাশ করানোর সময় বাজার কর্তৃপক্ষ ও স্থানীয়দের সন্দেহ হলে বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি গরু চুরির কথা স্বীকার করেন।

আটক যুবক কালিগঞ্জ থানার বরজোপাটুরি গ্রামের আদর আলী গাজীর ছেলে মো. রাজু হোসেন। পরে বাজার কর্তৃপক্ষ গরুসহ তাকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দেবনগর গ্রামের দরিদ্র ভ্যানচালক আবুল কাশেম পুলিশ ফাঁড়িতে এসে গরুটি নিজের বলে শনাক্ত করেন। পরে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমানের সহযোগিতায় সদর থানায় মামলা দায়ের করা হয়।

তবে মামলার প্রধান আলামত হওয়ায় গরুটি এখনো পুলিশ হেফাজতে রয়েছে। প্রচলিত আইনি প্রক্রিয়ার কারণে অবলা প্রাণীটির ঠাঁই হয়েছে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে।

এদিকে পুলিশ সদস্যরা গরুটির দেখভাল করলেও বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, “চোরের অপরাধে নিরীহ প্রাণী কেন বন্দি থাকবে?”

স্থানীয়দের মতে, অনলাইন জুয়ার ভয়াবহ সামাজিক প্রভাবের কারণে যুবসমাজ অপরাধের দিকে ঝুঁকে পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ও দরিদ্র মানুষ। আর সেই বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে পুলিশ হেফাজতে থাকা এই অবলা গরুটি।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪