| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, দেয়াল ভেঙে গুলিবর্ষণ; যৌথ অভিযান চলছে

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 74447 বার পঠিত
জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, দেয়াল ভেঙে গুলিবর্ষণ; যৌথ অভিযান চলছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সদ্য স্থাপিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় ক্যাম্পের একটি অংশের দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

রোববার (দিবাগত) রাত ১টার দিকে এ হামলা শুরু হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। পরে রাত ৩টার দিকে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান শুরু করে এবং পুরো এলাকা ঘিরে ফেলে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সন্ত্রাসীরা র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায় এবং এতে ১০ থেকে ১২ জন র‍্যাব ও পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এ হামলার ঘটনায় জঙ্গল সলিমপুর এলাকার ইয়াসিন ও তার বাহিনীর সম্পৃক্ততা পাওয়া গেছে। যৌথ বাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে এবং অভিযানের পর বিস্তারিত জানানো হবে।

স্থানীয়দের অভিযোগ, হামলার আগে থেকেই এলাকায় কয়েকটি সড়ক কেটে ফেলা হয় এবং কিছু কালভার্ট ধ্বংস করে যাতায়াত ব্যবস্থা ব্যাহত করা হয়।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীচক্র সক্রিয় রয়েছে। এর আগে গত জানুয়ারিতে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাও ঘটে।

সম্প্রতি সরকারের পক্ষ থেকে এলাকাটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করা হলেও নতুন করে এই হামলা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪