ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে গ্যাসবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কের ওই অংশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার (২৫ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম।
দুর্ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ট্রাক থেকে তরল গ্যাস লিক হয়ে এখনও গ্যাস নির্গত হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।
হাফিজ/ আয়না নিউজ