চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর একটি ক্যাম্পে গুলি চালিয়েছে সন্ত্রাসী ইয়াসিনের অনুসারীরা। রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলার পর সোমবার (২৫ মে) ভোর থেকে এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। সকাল সাড়ে ৯টা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ভোরের দিকে দুই ঘণ্টা ধরে যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ইয়াসিন বাহিনী আবারও হামলা চালিয়েছে। হামলার পর থেকেই অভিযান জোরদার করা হয়েছে। যৌথবাহিনী নন-লিথাল (প্রাণঘাতী নয়) অস্ত্র ব্যবহার করছে এবং ভেতরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তল্লাশি চালাচ্ছে। অভিযানে জনবলও বৃদ্ধি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভোর থেকে যৌথবাহিনী চারদিক থেকে এলাকায় প্রবেশ করে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা বা আটকের খবর পাওয়া যায়নি। তবে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, সন্ত্রাসীদের দখলকৃত অবস্থান থেকে সরাতে অভিযান অব্যাহত থাকবে। তাদের কোনো ধরনের তৎপরতা সফল হতে দেওয়া হবে না।
এর আগে গত ৯ মার্চ জঙ্গল সলিমপুর এলাকায় বড় ধরনের অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হয় এবং সেখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র অবৈধ দখল, জমির কাগজপত্র জালিয়াতি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানা যায়।
হাফিজ/ আয়না নিউজ