মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ভাগনে রিপন মিয়া (১৯) কে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে সাথী আক্তারের সঙ্গে ভাগনে রিপন মিয়ার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করলে ঘটনাস্থলেই সাথী আক্তারের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পরও রিপন মিয়া দীর্ঘ সময় একই কক্ষে নিহতের মরদেহের পাশে বসে ছিলেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
হাফিজ/ আয়না নিউজ