পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের যমুনা সেতু সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে চাপ দ্বিগুণ হলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
সোমবার (২৫ মে) সকাল থেকেই মহাসড়কে উত্তরবঙ্গমুখী যানবাহনের সংখ্যা বাড়তে দেখা যায়। দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের চাপ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ হাজার যানবাহন পারাপার হলেও ঈদকে সামনে রেখে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজার যানবাহন পার হয়েছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণে পৌঁছেছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতু এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, মহাসড়কে এখন পর্যন্ত কোনো যানজট নেই। তবে সময়ের সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অন্তত ২২ জেলার যাতায়াতের প্রধান রুট যমুনা সেতু। ঈদ মৌসুমে প্রতি বছরই এ রুটে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়, তবে এবারও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ