টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। সোমবার (২৫ মে) ভোররাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সড়াতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
এদিকে নিহতদের মধ্যে ১৩ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত বাকি দুইজনের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারা সবাই ধান কাটার কাজ শেষে দলবদ্ধভাবে বাড়ি ফিরছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
তিনি আরও জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
হাফিজ/ আয়না নিউজ