সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় শিশু ধর্ষণের একটি মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের সোহরাব আলী সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শিশুটির মা বাদী হয়ে ২০২৪ সালের ৪ মার্চ কালিগঞ্জ থানায় মামলাটি করেন।
পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে ২০২৪ সালের ২৯ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী) আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সোহরাব আলী সরদারকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার আদালত প্রকাশ্যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ