| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামপুরায় বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচণার মামলায় মাদরাসা শিক্ষার্থী গ্রেফতার

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 108328 বার পঠিত
রামপুরায় বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচণার মামলায় মাদরাসা শিক্ষার্থী গ্রেফতার

রাজধানীর রামপুরা এলাকায় এক শিশুশিক্ষার্থীর মৃত্যু ও অনৈতিক আচরণের অভিযোগে দায়ের করা মামলায় মো. শিহাব হোসেন (১৯) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ১৯ মে রাতে রামপুরা থানার বনশ্রী সি-ব্লকের একটি মাদরাসা থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিক তদন্তে শিশুটির শরীরে অনৈতিক আচরণের আলামত পাওয়ার দাবি করা হয়। পরে বিষয়টি নিয়ে মাদরাসার কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে একাধিক অভিযোগের তথ্য উঠে আসে।

এ ঘটনায় নিহত শিশুর মা মোছা. টুকু আরা খাতুন রামপুরা থানায় মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর অভিযুক্ত শিহাব হোসেন মাদরাসা থেকে পালিয়ে নিজ গ্রামের বাড়ি পাবনায় চলে যান। পরে রামপুরা থানা পুলিশের একটি দল পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাকে কেন্দ্র করে পৃথক দুটি মামলা হয়েছে একটি নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এবং অন্যটি মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে। তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪