কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে শহর-সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অপূর্ব ইফতি তাইফ (১৮), হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে এবং সাকিবুল ইসলাম (১৯), শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তারা দুজনই এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন—তাইফ দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল এবং সাকিবুল কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ করে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। নদীর ওই অংশটি গভীর হওয়ায় কিছুক্ষণ পর তারা আর উপরে উঠছিল না বলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয় এবং নিজেরাও নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলের দিকে রওনা হই, তবে তার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, বিকেল ৪টার দিকে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
গড়াই নদীতে এ ধরনের দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজ/ আয়না নিউজ