রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যদের দৌড়ে সরে যেতে দেখা যায়।
বুধবার (২০ মে) দুপুরে মিরপুরের কালশী এলাকার বাউনিয়াবাঁধে এই ঘটনা ঘটে। ওই এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদে ঢাকা সিটি কর্পোরেশন ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের শুরুতে এলাকায় থাকা বস্তিবাসীরা উচ্ছেদের প্রতিবাদ জানায়। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ হামলা চালায়। এতে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত সরে যান।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ বসবাস করে। তাদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করায় উত্তেজনা তৈরি হয়।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় বস্তিবাসীদের ধাওয়া খেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ