ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পথচারীর সঙ্গে সংঘর্ষের পর একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বুধবার (২০ মে) উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুরাতন বাখরবাহ গ্রামের এক ব্যক্তি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে উত্তর-মির্জাপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মেছোবাঘ তার মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলের সঙ্গে বন্যপ্রাণীটির সংঘর্ষ ঘটে এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন।
এরপর আহত ব্যক্তির দিকে মেছোবাঘটি এগিয়ে এলে আশপাশের গ্রামবাসী লাঠিসোটা নিয়ে সেটিকে ঘিরে ফেলে। একপর্যায়ে তারা বন্যপ্রাণীটিকে পিটিয়ে হত্যা করে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, আশপাশের ঝোপঝাড় কমে যাওয়া ও খাদ্য সংকটের কারণে বন্যপ্রাণীটি লোকালয়ে চলে এসেছিল।
এ বিষয়ে শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন, ঘটনাটি তিনি মোবাইল ফোনে জেনেছেন। তিনি জানান, গ্রামবাসী মেছোবাঘটিকে পিটিয়ে হত্যা করেছে, যা অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহবান জানান তিনি।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ