| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের স্বপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন এস আলম

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 111967 বার পঠিত
ফের স্বপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব  ত্যাগের আবেদন করেছেন এস আলম

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ফের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি এ আবেদন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, তাঁর বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ অবস্থায় নাগরিকত্ব পরিত্যাগের আবেদন মঞ্জুর হলে অর্থ ফেরত আনার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট আইনি পদক্ষেপে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারের সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সাইফুল আলম নিজের সম্পদ সুরক্ষার দাবি তুলে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি আদালতে (আর্বিট্রেশন ট্রাইব্যুনাল) মামলা করেছেন। এ মামলায় নাগরিকত্ব সংক্রান্ত অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন নীতিনির্ধারকরা। তাদের মতে, নাগরিকত্বের প্রশ্নে তাঁর অবস্থান শক্তিশালী হলে মামলায় বাংলাদেশের আইনি অবস্থান দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এর আগে ২০২০ সালেও তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছিলেন বলে জানা যায়। ওই সময় তাঁর আইনজীবীদের দাবি অনুযায়ী, তৎকালীন সরকার আবেদনটি মঞ্জুর করেছিল। তবে পরবর্তীতে ইসলামী ব্যাংক বাংলাদেশের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সেই অনুমোদন স্থগিত করে দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ২০২০ সালের ১৯ জুলাইয়ের একটি স্মারক উদ্ধৃত করে বলা হয়, সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের কারণে সাইফুল আলমের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন ওই সময় মঞ্জুর করা হয়েছিল।

বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব ত্যাগের নতুন আবেদনটি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪