শাপলা চত্বর ঘিরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সময় সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় ইসলামিক টিভির কাছে থাকা সব ভিডিও ফুটেজ আলামত হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (ট্রাইব্যুনাল) দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শামস ইস্কান্দার।
সোমবার (১৮ মে) বিকেলে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, ঘটনার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার মধ্যে র্যাবসহ বিভিন্ন সংস্থা ছিল, তাদের কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ব্রডকাস্ট যন্ত্রপাতি, কম্পিউটার ও এডিটিং প্যানেলসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস করে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। তবে ঘটনার সব ভিডিও ফুটেজ, নথিপত্র এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের আলামত সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন তিনি।
শামস ইস্কান্দার আরও জানান, প্রসিকিউশন চাইলে তদন্তের স্বার্থে এসব আলামত সরবরাহ করা হবে এবং প্রয়োজনে আদালতে সাক্ষ্য দিতেও তারা প্রস্তুত।
তিনি বলেন, ঘটনাটি কোনো উসকানিমূলক সম্প্রচার ছিল না, বরং একটি স্বাভাবিক লাইভ কাভারেজ ছিল। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তখন অন্যান্য চ্যানেলের তুলনায় তাদের সম্প্রচার সময়ও কম ছিল বলে দাবি করেন তিনি।
ইসলামিক টিভি বন্ধের কারণ প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত ছিল না, বরং রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত আক্রোশের ফল হিসেবে চ্যানেলটি বন্ধ করা হয়েছিল বলে তাদের ধারণা।
সংবাদ সম্মেলনে ইসলামিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজানুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক রফিক উজ জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ