ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাহাবুল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার বজরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাহাবুল হোসেন মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঝিনাইদহ কোর্টের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বজরাপুর এলাকায় পৌঁছালে হঠাৎ তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহত মাহাবুল হোসেন উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের ছেলে বলে জানা গেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ