সাতক্ষীরা প্রতিনিধি: মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাইকাররা। রোববার (১৭ মে) দুপুরে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর আরোপিত অগ্রিম কর সম্পূর্ণভাবে প্রত্যাহার বা যৌক্তিকভাবে পুনর্বিবেচনা করতে হবে। তাদের দাবি, মোটরসাইকেলকে বিলাসী পণ্য হিসেবে না দেখে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় পরিবহন হিসেবে বিবেচনা করা উচিত।
বক্তারা আরও বলেন, বাইকারদের ওপর অতিরিক্ত কর আরোপ করলে আর্থিক চাপ বাড়বে, যা পরিবহন খাতকে জনবান্ধব রাখার পথে বাধা সৃষ্টি করবে। নারী বাইকারদের নিরাপদ ও স্বাধীন চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে এই কর পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাহফুজুল ইসলাম, কাজী মহিউদ্দিন, মোহাম্মদ মামুন, নাসির উদ্দিন, মোহাম্মদ ইমরানসহ অনেকে।
মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্ন করেন। স্লোগানগুলোর মধ্যে ছিল বাইক চলাচলের প্রয়োজনীয় বাহন, অতিরিক্ত চাপ নয়, ন্যায্য সমাধান চাই, বাইক মানে বিলাসিতা নয়, প্রতিদিনের প্রয়োজন, গণপরিবহনের দুর্ভোগে বাইক ভরসা, বাইকে বাড়তি কর মানে বাড়তি কষ্ট”, “নিরাপদ সড়ক ও ন্যায্যনীতি বাইকারদের অধিকার” ইত্যাদি।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ