দেশের চলচ্চিত্র শিল্পের মতো একটি শক্তিশালী ও সম্ভাবনাময় মাধ্যমকে এগিয়ে নিতে রাষ্ট্রীয় ভূমিকা অতীতে যথেষ্ট ছিলো না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী কুক্ষিগত থাকা এসব সুবিধা নিয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (১৬ মে) সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬- এর উদ্বোধনীতে যোগ দিয়ে তিনি এসব জানান।
মন্ত্রী বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সংস্কৃতি, ইতিহাস ও সমাজের প্রতিচ্ছবি তাই এ খাতকে আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র শিল্প অবহেলার শিকার হয়েছে, যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে অনেক চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তিগত আধুনিকায়ন, চলচ্চিত্র নির্মাতাদের জন্য সহায়তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি সিনেমা প্রসারের পরিকল্পনা।
তিনি বলেন, “চলচ্চিত্র শিল্পকে শক্তিশালী করতে হলে রাষ্ট্র, নির্মাতা ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদি নীতিমালা ও আর্থিক সহায়তা বৃদ্ধির দাবি জানান।
হাফিজ/ আয়না নিউজ