আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির অংশ হিসেবে আজ শনিবার (১৬ মে) বিক্রি করা হচ্ছে ২৬ মে’র যাত্রার আসনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে নির্ধারিত পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পর্যায়ক্রমে অনলাইনে বিক্রি করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
এর আগে ২৩ মে’র টিকিট ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট ১৫ মে বিক্রি করা হয়েছে। ২৭ মে’র টিকিট বিক্রি করা হবে ১৭ মে।
নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার জন্য সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। তবে এসব অগ্রিম টিকিট রিফান্ডযোগ্য নয়।
এছাড়া মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।
হাফিজ/ আয়না নিউজ