| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মার চরে হাত-পা বাঁধা অবস্থায় দরবারের খাদেম উদ্ধার, তদন্তে পুলিশ

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 124555 বার পঠিত
পদ্মার চরে হাত-পা বাঁধা অবস্থায় দরবারের খাদেম উদ্ধার, তদন্তে পুলিশ

দৌলতপুর উপজেলা-এ পদ্মার চর এলাকা থেকে হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফের এক খাদেমকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তির নাম কামাল হোসেন (৪০)। তিনি উপজেলার মথুরাপুর দরগাতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (১৫ মে) বেলা ১১টার দিকে ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট থেকে মানিকের চর যাওয়ার পথে পদ্মারচরের বালুর মধ্যে এক ব্যক্তিকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে চিলমারী ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধার পাওয়া কামাল হোসেন অভিযোগ করেন, বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। এরপর হাত-পা বেঁধে পদ্মার চরের বালুর মধ্যে ফেলে রেখে যায়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি শনাক্ত করতে পারেননি।

এর আগে গত ৯ মে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। ওই সময় তাকে উদ্ধার করতে গেলে তার বোন রিতা খাতুনও হামলার শিকার হন। হামলাকারীরা তার গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ধারণা, হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফ-এর ওরস ও মেলা আয়োজনকে কেন্দ্র করে কমিটি গঠন, জমিজমা ও নেতৃত্বসংক্রান্ত বিরোধ থেকেই এই ধারাবাহিক হামলা ও অপহরণের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কামাল হোসেনকে উদ্ধার করেছে। তিনি চিকিৎসাধীন আছেন। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪