চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিনের প্রত্যাশা ও নানা উন্নয়ন স্বপ্নকে সামনে রেখে শাহরাস্তি-হাজীগঞ্জসহ পুরো জেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে বরণ করে নিতে।
শনিবার (১৬ মে) সকালে সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় বর্ণিল সাজসজ্জা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাট এলাকায় ‘বিশ্ব খাল’ পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতির পর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
সরকারি সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং রাত সাড়ে ৯টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ঐতিহাসিক খালগুলোর গুরুত্ব বিবেচনায় সরকার প্রধান নিজেই পুনর্খননের উদ্যোগ নিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক বলেন, প্রধানমন্ত্রীর এই সফর চাঁদপুরবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ‘খোদ খাল’ খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। প্রায় ৪৬ বছর পর তারই উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একই খালের আধুনিকায়ন ও পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন।
হাফিজ/ আয়না নিউজ