নাটোর প্রতিনিধি : নাটোরে জেন্ডার সমতা, গণতন্ত্র ও জলবায়ু সচেতনতা বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে শহরতলীর রামাইগাছি এলাকায় ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।
খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং আলো সংস্থার সহযোগিতায় ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আর্থিক সহায়তা প্রদান করছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। কারিগরি সহায়তায় রয়েছে নাগরিকতা জিএফএ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব আলী, আলো সংস্থার নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা, প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু, নাটোর প্রেস ক্লাবের সহ-সভাপতি সুফি সান্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ভোলামন বাউল সংঘের সদস্যরা।
বক্তারা বলেন, সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ এবং নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
আয়োজকরা জানান, ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, নারী অধিকার ও ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ