মে মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৬ দশমিক ৪ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা সুবিধা এবং হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারির কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে সহজে টাকা পাঠানোর সুবিধাও প্রবাসীদের উৎসাহিত করছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মাসের বাকি দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারা বজায় থাকলে পুরো মে মাসে বড় অঙ্কের প্রবাসী আয় দেশে আসতে পারে।
হাফিজ/ আয়না নিউজ