রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোর আরও জোরালো সমর্থন ও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তারা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসি সদস্য দেশগুলোর সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় থেকে মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে সেই সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন :
শিক্ষা কারিকুলাম আধুনিকায়নে নতুন পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
এ সময় তিনি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর কার্যকর ভূমিকা ও সমর্থন প্রত্যাশা করেন।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও বৈঠকে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ