ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শাহজাহান এমপি। বৈঠকে কমিটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সংসদে বেসরকারি বিল উত্থাপনে সংসদ সদস্যদের (এমপি) আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বেসরকারি সদস্যদের বিলের খসড়া প্রণয়নে প্রয়োজনীয় সহায়তা দিতে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরও সক্রিয় হওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব শেষে কমিটির সার্বিক কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। এরপর কমিটির কার্যপরিধি, বেসরকারি বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সংক্রান্ত সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে বৈঠকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য হিসেবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মো. আমানউল্লাহ আমান, মো. আবুল খায়ের ভূঁইয়া, মোছা. তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
হাফিজ/ আয়না নিউজ