সীমান্তে কাঁটাতার দিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও ভয় পায় না। এমনটাই মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসবকথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেখানে প্রয়োজন সেখানে বাংলাদেশ স্পষ্টভাবে কথা বলবে এবং নিজেদের অবস্থান জানাবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, বাংলাদেশ সব সময় ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
সীমান্ত পরিস্থিতি নিয়ে অতীতের নানা ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পূর্ববর্তী সময়ে সীমান্তে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তবে ভবিষ্যতে বাংলাদেশ এমন পরিস্থিতি মেনে নেবে না।
তিনি আরো দাবি করেন, দেড় হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। একইসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা যেন সেখান থেকে বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সম্পর্ক মূলত ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই থাকবে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের কোনো পরিকল্পনা নেই।
এ সময় চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
হাফিজ/ আয়না নিউজ