নওগাঁর পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মতিউর ও নাজমুল একটি প্রাইভেটকারে করে হিলির উদ্দেশ্যে রওনা দেন। পথে নজিপুর-ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এ সময় প্রাইভেটকারটি ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
হাফিজ/ আয়না নিউজ