রাজধানীর সড়কে ট্রাফিক আইন ভঙ্গ করলে এবার শুধু জরিমানাই নয়, হারাতে হতে পারে ড্রাইভিং লাইসেন্সও। নতুন ব্যবস্থায় ট্রাফিক আইন লঙ্ঘনের সঙ্গে সঙ্গে চালকের লাইসেন্সে যুক্ত হবে ডিমেরিট পয়েন্ট। মোট ১২ পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স। আপাতত ঢাকা মহানগর এলাকায় চার চাকার যানবাহনের চালকদের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এর আগে ট্রাফিক আইন ভাঙলে মামলা হতো মূলত গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে এবং জরিমানা পরিশোধ করতেন গাড়ির মালিকরা। তবে নতুন এই ব্যবস্থায় এখন চালকের ব্যক্তিগত ড্রাইভিং রেকর্ডেও যুক্ত হচ্ছে অপরাধের তথ্য। নির্দিষ্ট ১৩ ধরনের ট্রাফিক অপরাধের জন্য কাটা যাবে পয়েন্ট। কোনো চালকের লাইসেন্সের পয়েন্ট শূন্যে নেমে এলে তার লাইসেন্স বাতিল করা হবে।
রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশের নজরদারিও জোরদার করা হয়েছে। আইন ভাঙলেই করা হচ্ছে মামলা, পাশাপাশি যুক্ত হয়েছে অটোমেটেড মামলা ব্যবস্থাও। নতুন নিয়ম অনুযায়ী, এসব অপরাধ সরাসরি চালকের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে সংযুক্ত হচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, গত দুই মাসে হাজারের বেশি চালক ডিমেরিট পয়েন্ট হারিয়েছেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, শুধু জরিমানা আদায় বা পয়েন্ট কাটা নয়, বরং চালকদের মধ্যে সচেতনতা তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
তবে পয়েন্ট কাটা গেলেও চালকদের জন্য আপিলের সুযোগ রাখা হয়েছে। কোনো চালক পরবর্তী ছয় মাসে ট্রাফিক আইন ভঙ্গ না করলে তার লাইসেন্সে পুনরায় দুই পয়েন্ট যোগ হবে।
এদিকে অনেক চালক এখনও ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা সম্পর্কে অবগত নন। কয়েকজন চালক জানান, তারা নতুন নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা পাননি। তবে সড়ক আইন মেনে চললে মামলা বা পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে না বলেও মত দেন তারা।
সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সড়কে লেনভিত্তিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং চালকদের প্রশিক্ষণের আওতায় আনা জরুরি।
হাফিজ/ আয়না নিউজ