| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা জারি

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 139666 বার পঠিত
পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা জারি

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর হাটে জাল নোট প্রচলন চক্রের অপতৎপরতা রোধকল্পে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ১০টি  নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১০ মে) সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্দেশনার চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অনুমোদিত পশুর হাটে অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করে হাট শুরুর দিন থেকে ঈদের পূর্ব রাত পর্যন্ত বিনামূল্যে সেবা দিতে হবে। পাশাপাশি জাল নোট শনাক্তকরণ মেশিন ও নগদ অর্থ গণনার জন্য কাউন্টিং মেশিন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট শাখাগুলোকে নেতৃত্ব দিয়ে একই ধরনের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। আর যেখানে বাংলাদেশ ব্যাংকের অফিস নেই, সেখানে দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংক পিএলসি–এর চেস্ট শাখাগুলোকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া হাটে বুথ স্থাপনের ক্ষেত্রে স্থানীয় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সহযোগিতা নেবে বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ ও আনসার বাহিনী।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো বুথে জাল নোট ধরা পড়লে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে হবে এবং বুথে “জাল নোট শনাক্তকরণ বুথ” লেখা ব্যানার প্রদর্শন করতে হবে। পাশাপাশি ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে ভিডিওচিত্র গ্রাহকদের জন্য শাখাগুলোতে নিয়মিত প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।

ঈদের পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এসব কার্যক্রমের ওপর বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪