যশোরের অভয়নগরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার। রোববার (১০ মে) দুপুরে উপজেলার ভাঙাগেট এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপারের নাম রায়হান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙাগেট এলাকায় রহমত ওয়েব্রিজের সামনে দিয়ে ট্রাকটি রেললাইন পার হচ্ছিল। এসময় যশোরগামী মহানন্দা ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি ট্রাকটিকে প্রায় ২০ থেকে ২৫ গজ দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।
ঘটনাস্থলেই ট্রাকচালক মনোয়ার হোসেন নিহত হন। আহত হেলপার রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইয়াসির আরাফাত জানান, অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় মহানন্দা ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ