গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চলনবিল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এ অঞ্চলের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার নানা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে। চলনবিলে মৎস্য প্রক্রিয়াকরণ এলাকা এবং আধুনিক মৎস্য গবেষণাগার স্থাপন করা হবে।
শনিবার (১০ মে) বিকেলে নাটোরের গুরুদাসপুরে মৎস্য চাষী কল্যাণ সমিতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। মাছ উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে চলনবিলের দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে।
আরও পড়ুন :
জনগণের জান-মাল রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জিয়া হায়দার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মেলনে স্থানীয় মৎস্য চাষীরা চলনবিলের জলাশয় সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ