নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া ছিটকে গিয়ে দাদির পেটে বিদ্ধ হওয়ার ঘটনায় মর্জিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৭ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত মর্জিনা বেগম উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোছব্বের আলীর স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল একটি কুকুর মর্জিনা বেগমের বাড়ির হাঁসের বাচ্চা খেয়ে ফেলে। পরদিন একই কুকুর আবারও বাড়িতে ঢুকে হাঁসের বাচ্চা ধরতে এলে মর্জিনা বেগমের সাত বছর বয়সী নাতি আলিফ সেটিকে তাড়ানোর চেষ্টা করে। এ সময় তার হাতে থাকা একটি হাসুয়া কুকুরকে লক্ষ্য করে ছুড়ে মারলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হান্নান জানান, রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর ভোর ৪টার দিকে রাজপাড়া থানা থেকে বিষয়টি জানানো হয়। ঘটনাটি তদন্তে একজন সাব-ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ