রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদয়বিদারক এই ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভ্যানচালক মিঠু খান (৫০)। গুরুতর অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন মঙ্গলবার (৫ মে) দুপুর ২টায় জানাজা শেষে পাইককান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ভেঙে পড়েন তার স্ত্রী হেনা বেগম (৪৫)। তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আকরাম খান জানান, স্বামীর মৃত্যুর পর হেনা বেগম গভীর মানসিক আঘাতে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত শোকের কারণেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।
স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যুতে পাইককান্দি গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
হাফিজ/ আয়না নিউজ