লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একটি ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে আছড়ে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮-এস সংলগ্ন এলাকায় ড্রোনটি বিধ্বস্ত হয়। তিস্তা ব্যাটালিয়নের (৬১-বিজিবি) আওতাধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উড়ন্ত অবস্থায় ড্রোনটি হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০–২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টাক্ষেতে বিকট শব্দে পড়ে যায়।
এ সময় মাঠে কাজ করা স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বিষয়টি দ্রুত বিজিবিকে জানালে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সংলগ্ন বিএসএফ ক্যাম্প থেকে সীমান্তে নজরদারির জন্য ড্রোনটি উড়ানো হয়েছিল। তবে ড্রোনটি বাংলাদেশের অভ্যন্তরে পড়ার বিষয়টি প্রথমে অস্বীকার করে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় টহল জোরদার করে, যা স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে টহল জোরদার করেছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। বর্তমানে উদ্ধার হওয়া ড্রোনটি বিজিবির হেফাজতে রয়েছে।
৬১-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ হয়েছে। শিগগিরই পতাকা বৈঠকের আয়োজন করা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, সীমান্তে পাওয়া ড্রোনটি বিজিবির হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ভারতীয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর মগলিবাড়ী সীমান্ত এলাকায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিলতা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হাফিজ/ আয়না নিউজ